রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে এ মামলার প্রধান কুশীলব বলে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শাপলা চত্বরের ঘটনায় রাষ্ট্রের প্রধান ব্যক্তি থাকলেও তদন্ত থেকে বাদ পড়বেন না।
তিনি জানান, এই মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, শিগগির প্রতিবেদন দাখিল করা হতে পারে। প্রতিবেদন পাওয়ার পর পরই ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হবে বলেও আশা তার।
মঙ্গলবার (৩১ মার্চ) চিফ প্রসিকিউটরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, আবদুল জলিল মণ্ডলের বিরুদ্ধে অনেক আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। আমরা তাকে খুঁজছিলাম। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ ট্রাব্যুনালে আনার পর গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
আমিনুল ইসলাম বলেন, আগামী তারিখের মধ্যেই প্রতিবেদন দাখিল সাপেক্ষে আমরা ফরমাল চার্জ দাখিল করার চেষ্টা করবো। তবে খুব সহসা শাপলা চত্বরের মামলাটির বিচার শুরু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি, যেন ফরমাল চার্জ দাখিলের পর বিচারকার্য দ্রুত শুরু হয়।
আবদুল জলিল প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনায় সাবেক এই পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল অনেক। তার পরিকল্পনাতেই সব ঘটনা ঘটেছে; তদন্তে আমরা এমনই কিছু পেয়েছি। এ বিষয়ে আমরা আরও অনুসন্ধান করছি। আশা করছি আগামী তারিখের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেয়ে যাবো।
তিনি উল্লেখ করেন, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তৎকালীন পুলিশ প্রধান বেনজীর আহমেদও রয়েছেন। কাউক ছাড় দেওয়া হবে না।
এফএইচ/এমআইএইচএস