ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি তারকা হোয়াও পেদ্রো আত্মবিশ্বাসী- শিগগিরই ছন্দে ফিরবে ব্রাজিল জাতীয় ফুটবলের আক্রমণভাগ। সাম্প্রতিক পারফরম্যান্সে সমর্থকদের হতাশার মাঝেও এই তরুণ ফরোয়ার্ড বিশ্বাস করেন, সময়ের সঙ্গে সঙ্গে দলীয় সমন্বয় আরও ভালো হবে এবং গোলের ধারাও ফিরবে।
গত সপ্তাহে ফ্রান্সের কাছে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারার পর ব্রাজিল সমর্থকদের মধ্যে হতাশা স্পষ্ট হয়ে ওঠে। ম্যাচ চলাকালীন গ্যালারিতে অনুপস্থিত তারকা নেইমারের নাম ধ্বনিত হতে থাকে, যা দলের আক্রমণভাগের দুর্বলতার প্রতিফলন হিসেবেই দেখা হয়েছে।
নতুন কোচ কার্লো আনচেলত্তি ওই ম্যাচে শক্তিশালী আক্রমণ সাজালেও প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাথিয়াস কুনহার সঙ্গে রাফিনহা ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি খেললেও গোলের ধারায় সেই ছন্দ দেখা যায়নি।
ম্যাচ শেষে হোয়াও পেদ্রো বলেন, ‘আমরা ধীরে ধীরে একে অপরকে বুঝতে শিখছি। ক্লাব ফুটবলে আমরা সারা বছর একসঙ্গে অনুশীলন করি; কিন্তু জাতীয় দলে সেটা সম্ভব হয় না। এখানে এসে দ্রুত মানিয়ে নিতে হয়।’ তিনি আরও যোগ করেন, ‘আরও বেশি সময় একসঙ্গে অনুশীলন করতে পারলে আমাদের খেলায় স্বাভাবিকভাবেই উন্নতি আসবে। খুব শিগগিরই সবকিছু ঠিকভাবে ‘ক্লিক’ করবে।’
ব্রাজিল দল দীর্ঘদিন ধরেই তাদের সেরা খেলোয়াড় নেইমারকে পাচ্ছে না। ২০২৩ সালের অক্টোবর আন্তর্জাতিক ম্যাচে হাঁটুর গুরুতর চোট (এসিএল) পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন তিনি। দেশের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা এই তারকা বর্তমানে ক্লাব সান্তোস এফসিতে খেললেও এখনও পুরোপুরি ফর্মে ফিরতে পারেননি। ফলে কোচ আনচেলত্তি তাকে দলে ডাকেননি।
অন্যদিকে ক্লাব পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেও জাতীয় দলে প্রত্যাশা পূরণ করতে পারছেন না ভিনিসিয়ুস ও রাফিনিহা। ভিনিসিয়ুস ৪৬ ম্যাচে মাত্র ৮ গোল করেছেন, আর রাফিনিয়ার ৩৬ ম্যাচে গোল ১১টি।
২৪ বছর বয়সী জোয়াও পেদ্রোর মতে, দীর্ঘ ২৪ বছর বিশ্বকাপ জিততে না পারার চাপও খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। তিনি বলেন, ‘আগে আমাদের দলে রোনালদো নাজারিও, রোনালদিনহো, রোমারিওর মতো কিংবদন্তিরা ছিলেন। এখনো আমাদের দলে বিশ্বমানের খেলোয়াড় আছে। ভিনি, রাফিনহা, আমি, এস্তেভাও- সবাই বড় ক্লাবে খেলি; কিন্তু দীর্ঘদিন শিরোপা না জেতার চাপ আমাদের ওপর বাড়ছে।’
এদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রায় পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন রাফিনিয়া। ফলে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মঙ্গলবারের প্রীতি ম্যাচে হোয়াও পেদ্রোর শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেড়েছে।
চেলসির হয়ে দারুণ ফর্মে থাকা এই ফরোয়ার্ড ইতোমধ্যে ৩১ লিগ ম্যাচে ১৪ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন। তার এই পারফরম্যান্সই জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করবে ১৩ জুন, যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ মরক্কো।
আইএইচএস/