মধ্যপ্রাচ্যে চলমান ইরান সংকট সমাধানে যেসব দেশ চেষ্টা করছে সেসব দেশের নাম জানিয়েছেন তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সেই ডেদভ। রুশ এই কূটনীতিকের মতে, যুদ্ধ বন্ধে এই মুহূর্তে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব ও মিশর সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করছে।
ডেদভ আরটিভিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রাশিয়া ধ্বংসাত্মক সামরিক কর্মকাণ্ড শেষ করার জন্য দেশগুলোর প্রচেষ্টাকে স্বাগত জানায়। পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং মিশর এই ক্ষেত্রে বর্তমানে বিশেষভাবে সক্রিয়।
তিনি আরও জানান, যেমনটি আগেই বলা হয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে মস্কো এবং তেহরান নিয়মিত যোগাযোগে রয়েছে। এছাড়া ৯ মার্চ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প এক টেলিফোনে আলোচনা করেন যেখানে ইরান ইস্যুই ছিল মুখ্য।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারাবাহিক বিমান হামলায় ইরানে এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন। একই সঙ্গে ইসরায়েলি হামলায় লেবাননে ১ হাজার ২৭০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র: তাস
কে এম