বাগেরহাটের কচুয়ায় চাঁদা না দেওয়ায় আলমগীর বিশ্বাস (৩৮) নামে এক ব্যবসায়ীকে মারধর, দোকান ভাঙচুর ও ক্যাশ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে টাকা নিয়ে যাওয়ার সময় রিগান মিনা (৩৬) নামে এক অভিযুক্ত একজনকে গণপিটুনি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার সাইনবোর্ড বাজারের একটি দোকানে এ ঘটনা ঘটে। পরবর্তীতে রিগান মিনা নামের ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্যবসায়ী আলমগীর বিশ্বাসের অভিযোগ, রাড়িপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়ের নেতৃত্বে রিগান মিনা ও শোভন ব্যানার্জি তার দোকানে যায়। তারা তার (আলমগীর) কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাকে ও তার বাবাকে মারধর শুরু করে। পরে দোকানের ক্যাশে থাকা ৩৬ হাজার টাকা লুটে নেয়। এই পরিস্থিতিতে ব্যবসায়ী ও স্থানীয়রা চাঁদাবাজদের ধাওয়া করে রিগান মিনা নামের একজনকে গণপিটুনি দেয়।
আলমগীর বিশ্বাস বলেন, সোমবার রাতেও আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা চেয়েছে। আর আজ আমাকে ও আমার বাবাকে মারধর করেছে। এভাবে ব্যবসা করা যায় না। কচুয়া থানায় মামলা করেছি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, সাইনবোর্ড বাজারের চাঁদাবাজির ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২-৩ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। রিগান মিনা নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে পুলিশ হেফাজতে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের গ্রেফতার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নাহিদ ফরাজী/এমএন/এএসএম