কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে আটক ১৪ জেলেকে তিনদিন পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাট দিয়ে তারা নৌকাসহ ফিরে আসেন। এর আগে ২৮ মার্চ সকালে নাইক্ষ্যংদিয়া নাফ নদীর মোহনা থেকে তিনটি নৌকাসহ তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।
আরাকান আর্মির হাত থেকে ফিরে আসা শাহপরীরদ্বীপের বাসিন্দা জেলে মহিউদ্দিন জানান, তিন দিন আগে নাইক্ষ্যংদিয়া নাফ নদীর মোহনা থেকে তিনটি নৌকাসহ তাদের ১৪ জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। সেখানে তারা মানবেতর অবস্থায় ছিলেন। তবে মঙ্গলবার রাতে আরাকান আর্মির সদস্যরা নিজেদের ইচ্ছায় নৌকাসহ তাদের ছেড়ে দিলে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তারা নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হন।
টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারাহ তাজকিরা জানান, আরাকান আর্মির হাতে তিন দিন আগে আটক শাহপরীরদ্বীপের জেলেরা ফিরে এসেছে বলে তিনি শুনেছেন।
জাহাঙ্গীর আলম/এফএ/জেআইএম