রাজধানীর মিরপুরে ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর রহমানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মশিউর রহমানকে হাজির করা হয়। এ সময় মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার সন্দেহ রয়েছে। তদন্তের স্বার্থে তাকে ‘শোন অ্যারেস্ট’ হিসেবে দেখানো প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে মিরপুর-১০ গোলচত্বরে চলমান ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিতে বাসা থেকে বের হন ভুক্তভোগী মো. সাকিল। দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশের সড়কে আন্দোলনকারীদের ওপর অজ্ঞাতনামা প্রায় ৩০০ জন সশস্ত্র ব্যক্তি গুলি চালায়।
এ সময় সাকিল গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতাল হয়ে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৭ আগস্ট বিকেল ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় তা সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ ভোলায় নিয়ে যাওয়া হয় এবং ৯ আগস্ট রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এমডিএএ/এমআরএম