দেশজুড়ে

‘ধর্ষণের শিকার’ কিশোরীর বিষপানের ঘটনায় যুবক গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুরে ‘ধর্ষণের শিকার’ স্কুলছাত্রীর (১৩) লজ্জায় বিষপানে আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মো. রুবেল মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

বুধবার (১ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. নযমুল হাসান।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলার ফুলপুর থানাধীন রামভদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল মিয়া ওই কিশোরীর প্রতিবেশী।

অধিনায়ক মো. নয়মুল হাসান জানান, শিশুটি তার বাবা, মা এবং দাদির সঙ্গে ফুলপুর থানাধীন নিজ বাড়িতে বসবাস করতো। গত রোববার (২৯ মার্চ) রাত ৮টায় শিশুটি নিজ বাড়ি থেকে বাহিরে যায় এবং ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার বিষয়ে তার দাদির জিজ্ঞাসাবাদে কিশোরী জানায় ‘রুবেল মিয়ার বাড়ি থেকে আমি কীটনাশক খেয়ে এসেছি, রুবেল আমার সর্বনাশ করেছে, ফুসলিয়ে ধর্ষণ করেছে, এই মুখ কাউকে দেখাবোনা’। এসময় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পরদিন সোমবার (৩০ মার্চ) ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু মারা যায়।

এ ঘটনায় এদিনই কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণসহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের করেন।

মেয়েটির দাদি বলেন, আমার নাতনিকে রুবেল ধর্ষণ করেছে। এজন্য লজ্জায় বিষ খেয়ে আত্মহত্যা করেছে। রুবেলের ফাঁসির দাবি জানাচ্ছি।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, আমাদের পুলিশের একাধিক টিম আত্মগোপনে থাকা রুবেলকে গ্রেফতারের চেষ্টা করছিল। পরে র‌্যাব তাকে গ্রেফতার করে। গ্রেফতার রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/জেআইএম