জাতীয়

পরিচ্ছন্ন চট্টগ্রামের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র শাহাদাতের

চট্টগ্রামকে নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে সব ধর্ম ও বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

হনুমান জয়ন্তী উদযাপন উপলক্ষে বুধবার (১ এপ্রিল) সকালে নগরের জেএমসেন চত্বরে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

চসিক মেয়র বলেন, এ শহর আমাদের সন্তানের মতো। এর যত্ন নেওয়া সবার দায়িত্ব। তিনি জানান, গত বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে নগরবাসী প্রায় ৬০ শতাংশ রক্ষা পেয়েছে। এবার তা ৮০ থেকে ৯০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নালা-খালে ময়লা ফেলা বন্ধ করতে হবে। নাগরিকদের সচেতনতা ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম একটি বহুধর্মী ও বৈচিত্র্যময় শহর। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই বলছি এই শহরে কেউ অনিরাপদ থাকবে না। আমরা এমন একটি নগর গড়তে চাই, যেখানে সবাই নির্ভয়ে ধর্মীয় ও সামাজিক উৎসব পালন করতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। তিনি বলেন, আপনারা আমাদের অনুষ্ঠানে আসবেন, আমরাও আপনাদের অনুষ্ঠানে যাব এভাবেই সম্প্রীতি টিকে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি শুভ দাশগুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক ও শ্রীশ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা বিপ্লব দে পার্থ। মহান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, কার্যকরী সভাপতি আয়ান শর্মা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী, শম্ভু দাশ, চট্টগ্রাম জেলা সৎসঙ্গে সভাপতি অনিল পাল ও সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা।

অঞ্চল ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাশ, কানুরাম দে, মেধসমুনি আশ্রমের দপ্তর সম্পাদক লিটন দে, ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম সেন, প্রতিষ্ঠাতা রাম সেবক তূর্য রুদ্র, রাম সেবক চেয়ারম্যান অনুপম দাশ, শ্রীশ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাঞ্চন নাথ, অর্থ সম্পাদক দেবাশীষ সেন, সাংগঠনিক সম্পাদক মিঠু দাশ, দপ্তর সম্পাদক সুজন দাশ ও সহ অর্থ সম্পাদক সুদেব নাথ প্রমুখ।

এমআরএএইচ/এমএএইচ/