লাইফস্টাইল

গরমে বিকেলের নাস্তা লাউ-গাজরের হালকা কাটলেট

বিকেলের নাস্তায় মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলেই সাধারণত ডুবোতেলে ভাজাপোড়া খাবারের কথাই মনে আসে। তবে নিয়মিত তেলে ভাজা খাবার খাওয়া শরীরের জন্য খুব একটা ভালো নয়। তাই অনেকেই এখন খুঁজছেন এমন বিকল্প, যা হবে সুস্বাদু কিন্তু তুলনামূলকভাবে স্বাস্থ্যকর।

বাজারে লাউ ও গাজর এখন সহজেই পাওয়া যায় এবং দুটোই পুষ্টিগুণে ভরপুর। লাউ হালকা ও সহজপাচ্য, আর গাজরে রয়েছে ভিটামিন এ। এই দুই উপাদান একসঙ্গে ব্যবহার করলে তৈরি করা যায় দারুণ স্বাদের হালকা কাটলেট, যা বিকেলের নাস্তায় হতে পারে চমৎকার একটি অপশন।

ঘরেই খুব সহজ উপায়ে কম তেলে বানিয়ে নিতে পারেন লাউ-গাজরের এই কাটলেট।

উপকরণ

১. লাউ কুচি ১ কাপ২. গাজর কুচি আধা কাপ৩. সেদ্ধ আলু ১টি৪. পিঁয়াজ কুচি ২ টেবিল চামচ৫. কাঁচামরিচ কুচি ১–২টি৬. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ৭. লবণ স্বাদমতো৮. গোলমরিচ গুঁড়া সামান্য৯. ব্রেডক্রাম্ব ১ কাপ১০. ডিম ১টি১১. তেল অল্প ভাজার জন্য

প্রস্তুত প্রণালি

প্রথমে লাউ কুচি হালকা চিপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন। এরপর একটি বাটিতে লাউ, গাজর, সেদ্ধ আলু, পিঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি একসঙ্গে মিশিয়ে নিন। এতে লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিন।

এবার মিশ্রণ থেকে ছোট ছোট বল বা চ্যাপ্টা কাটলেটের আকার দিন। প্রতিটি কাটলেট প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন।

প্যানে অল্প তেল গরম করে মাঝারি আঁচে কাটলেটগুলো দুই পাশ সোনালি করে ভেজে নিন। হয়ে গেলে তুলে নিন। মজাদার এই কাটলেট টমেটো সস বা দই ডিপের সঙ্গে খেতে দারুণ লাগে।

এএমপি/জেআইএম