আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে উদ্বেগ, ট্রাম্পকে শান্তির পথে ফেরার আহ্বান পোপের

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধে সংঘাতের পথ পরিহার করে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন পোপ লিও (চতুর্দশ)। এই সমস্যা থেকে উত্তরণে কূটনৈতিক সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন বর্তমান পোপ। 

বিশেষ করে মধ্যপ্রাচ্যে হতাহতের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করে পোপ বলেন, যেসব নেতা যুদ্ধ শুরু করেন এবং যাদের ‘হাত রক্তে ভরা’ তাদের প্রার্থনাকে ঈশ্বর গ্রহণ করেন না।

মঙ্গলবার (৩১ মার্চ) সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে পোপ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি বলেছেন যে তিনি যুদ্ধ শেষ করতে চান। আশা করি তিনি একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে নজর দিচ্ছেন…আশা করি তিনি সহিংসতা কমানোর উপায় খুঁজছেন।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সংঘাতের তীব্র সমালোচনা করেছেন পোপ লিও। তার মতে, এই সংঘাতের ফলে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং বৈশ্বিক জ্বালানি বাজারও প্রভাবিত হয়েছে।

হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি আগামী ৫ এপ্রিল তারিখের ইস্টার পর্যন্ত যুদ্ধ বন্ধের আহ্বান জানান পোপ লিও। তিনি বলেন, ‘অনেক মানুষ মারা গেছে, তাদের মধ্যে অনেকেই নিরীহ শিশু। চলুন আমরা অবিরাম শান্তির জন্য আবেদন করি… অনেকেই যুদ্ধ, সহিংসতা এবং লড়াই প্রচার করছেন।’

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়, যার ফলে হতাহতের ঘটনা ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

যৌথ বাহিনীর হামলায় ইরানে এখন পর্যন্ত ১৩৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে ১২৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সূত্র:আনাদোলু এজেন্সি

কেএম