জাতীয়

জ্বালানি তেলের ‘ভেজাল’ নির্ণয়ে ডিপো থেকে মান পরীক্ষার দাবি

বাংলাদেশে সরবরাহ করা জ্বালানি তেলের মান নির্ণয় ডিপো পর্যায় থেকে করার অনুরোধ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) মহাপরিচালকে চিঠি দিয়েছে সংগঠনটি।   

সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এবং সদস্য সচিব মীর আহসানউদ্দিন পারভেজের সই করা চিঠিতে বলা হয়, ডিপো থেকে তেল পরীক্ষার পর পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি তেলের মান নির্ণয় করা হলে ডিপোর তেলের মান খারাপ নাকি পেট্রোল পাম্পের জ্বালানি তেলের মান খারাপ তা বোঝা যাবে।

আরও পড়ুনজ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলো বাংলাদেশ ফিলিং স্টেশনে পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রি, তদন্তে কমিটি 

চিঠিতে বলা হয়, তেলের মান নিয়ে পেট্রোল পাম্প মালিকদের বিস্তর অভিযোগ রয়েছে। এছাড়া সারা দেশে পেট্রোল পাম্পে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে তেলের মান নিয়ে বাকবিতণ্ডা লেগেই থাকে। সেক্ষেত্রে ডিপো পর্যায় এবং পাম্পে গিয়ে আলাদাভাবে তেলের মান যাচাই করলে পরিষ্কার হয়ে যাবে কারা খারাপ তেল দিচ্ছে। সুতরাং আগে ডিপো পর্যায় তেলের মান নির্ণয় করার জন্য অনুরোধ করছি।  

বর্তমান অবস্থায় পেট্রোল পাম্পে তেলের মান নির্ণয় করার নামে হয়রানি না করার জন্য অনুরোধ করেছে সংগঠনটি।  

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটারস, এজেন্টস এবং পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মীর আহসানউদ্দিন পারভেজ জাগো নিউজকে বলেন, ভেজাল তেল বিক্রি বন্ধ হোক এটা আমরাও চাই। এজন্য পাম্পের পাসাপাশি ডিপো থেকে তেলের মান পরীক্ষার আহ্বান জানিয়েছি। এতে বোঝা যাবে ডিপো থেকে ভেজাল মেশানো হয় নাকি পাম্প থেকে ভেজাল মেশানো হয়।

এনএস/কেএসআর