দেশজুড়ে

কীর্তনখোলায় ডুবলো চরমোনাই মাহফিলের রিজার্ভ লঞ্চ

বরিশালের চরমোনাই এলাকায় বার্ষিক মাহফিলের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি রিজার্ভ লঞ্চডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মাহফিল উদযাপন কমিটি।

বুধবার (১ এপ্রিল) বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন নদীর অংশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে ছেড়ে আসে ‌‘এমভি মানিক-৪’ নামের লঞ্চটি। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে জোয়ারের সময় নদীতে পানি বেশি থাকায় বালুর বস্তার ওপর উঠে যায়। আজ দুপুরে ভাটা শুরু হলে পানি কমতে থাকে। একপর্যায়ে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল ইউনিটের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে লঞ্চডুবির ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি।

মাহফিল বাস্তবায়ন কমিটির মিডিয়া সমন্বয়ক কে এম সরিয়াতুল্লাহ বলেন, লঞ্চডুবির ঘটনায় কোনো হতাহাতের ঘটনা ঘটেনি। তবে মুসল্লিদের মালামাল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শাওন খান/এসআর/এএসএম