সৌদি প্রবাসী বাংলাদেশিদের মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ সংক্রান্ত যে কোনো ছবি বা ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করতে অনুরোধ জানিয়ে জরুরি সতর্কবার্তা দিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের এ বিষয়ে সতর্ক করা হয়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্কতা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, মিসাইল বা ড্রোন প্রতিরোধ অথবা মিসাইল বা ড্রোন প্রতিরোধের পর মাটিতে পতিত হওয়ার পর যে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা আইনত দণ্ডনীয় এবং এর জন্য শাস্তির সম্মুখীন হতে হবে।
এরই পরিপ্রেক্ষিতে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সংক্রান্ত যে কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, ইউটিউব, এক্স, প্রভৃতি) প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।
জেপিআই/এমকেআর