যশোরের শার্শায় বিএনপির দলীয় কোন্দলকে কেন্দ্র করে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার জিরেনগাছা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় চারটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
আহতরা হলেন জিরেনগাছা গ্রামের আসমাত উল্লাহর ছেলে মিলন হোসেন (৪৫), সোহরাওয়ার্দী বিশ্বাসের ছেলে দীন মোহাম্মদ (৫০) ও সোহেল (৪০), কাকা বিশ্বাসের ছেলে মিন্টু (৪৮) এবং তোতা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (২২)। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও আহতরা জানান, আহতরা সবাই বিএনপির রাজনীতি করেন। গ্রামে দীর্ঘদিন ধরে দলীয় কোন্দল চলে আসছিল। মঙ্গলবার রাত ৮টার দিকে জিরেনগাছা মোড়ে মমিন, ফারুক ও হাসেমসহ ২০-২৫ জন ধারালো অস্ত্রসহ অতর্কিত হামলা চালান। এসময় পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
মো. জামাল হোসেন/এসআর/এএসএম