কিশোরগঞ্জে মোটরসাইকেল চালকদের জন্য বিশেষ ফুয়েল কার্ড বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে এ কার্ড সংগ্রহ না করলে আগামী ৫ এপ্রিল থেকে জেলার কোনো পাম্পে জ্বালানি তেল সরবরাহ করা হবে না বলে জানানো হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিবলে জেলা প্রশাসনের কার্যালয় থেকে বিশেষ ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন সুষ্ঠুভাবে পরিচালনা এবং জনদুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় কিশোরগঞ্জ জেলার বৈধ মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য বিশেষ জ্বালানি কার্ড দেওয়া হবে।
ঘোষণায় মোটরসাইকেল চালকদের নিজ নিজ স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয় থেকে নির্ধারিত কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে ফুয়েল কার্ড সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্রের মূল কপি, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড, স্ট্যাম্প সাইজের ছবি, ড্রাইভিং লাইসেন্স এবং একটি সচল মোবাইল নম্বর।
এছাড়া, অন্য জেলার বাসিন্দারা যারা চাকরি বা অন্যান্য কারণে কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থান করছেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা-বাণিজ্য শাখা (রুম নং-২৩৬) থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন। আর যারা জেলার অন্যান্য উপজেলায় অবস্থান করছেন তাদের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেই কার্ড নিতে পারবেন।
ঘোষণায় আরও উল্লেখ করা হয়, আগামী ৪ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলকভাবে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। অন্যথায় ৫ এপ্রিল থেকে কিশোরগঞ্জ জেলার কোনো পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল দেওয়া হবে না।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জ্বালানি তেল নিতে ‘ফুয়েল কার্ড’ এর বিশেষ ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এসকে রাসেল/এএইচ/এএসএম