বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা ফটোগ্রাফার নির্বাচিত হয়েছেন জাগো নিউজের কলাপাড়া উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ।
পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌর কর্তৃপক্ষের আহ্বানে জমা পড়া ছবিগুলোর মধ্য থেকে তার তোলা ছবি প্রথম স্থান অর্জন করে।
বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু এবং তৃতীয় স্থান অর্জন করে ‘আমরা কলাপাড়াবাসী’ নামের একটি সংগঠন।
অনুষ্ঠানে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান সোহেলসহ পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসীন সাদেক বলেন, পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
আসাদুজ্জামান মিরাজ/এমএন/এএসএম