সাভারের জাতীয় স্মৃতিসৌধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হওয়া তিন সন্তানের জননী তাহমিনা আক্তারের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পায়নি ডিবি পুলিশ। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে মুক্তির নির্দেশ দিয়েছেন।
বুধবার (১ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি তদন্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই ওবায়দুর রহমান।
এর আগে ডিবি পুলিশের ঢাকা জেলার (দক্ষিণ) উপ-পরিদর্শক আব্দুল মুক্তালিব আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, তাহমিনা আক্তার কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী নন এবং তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, ব্যক্তিগত ও পারিবারিক বিচ্ছিন্নতার মধ্যে থাকা তাহমিনাকে ২৬ মার্চ কিছু অজ্ঞাত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যান। সেখানে তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্লোগান দেওয়ার জন্য ব্যবহার করা হয়।
তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, দেশের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় তিনি ওই স্থানে গিয়েছিলেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো শাস্তিযোগ্য অপরাধের প্রমাণ না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির আওতায় তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।
জানা গেছে, এর আগে ২৬ মার্চ সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে তিন সন্তানসহ তাহমিনাকে আটক করে পুলিশ। পরদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
তাহমিনার আইনজীবী জাহাঙ্গীর আলম জানান, আদালতের মুক্তির আদেশ অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে তিনি শিগগির কারামুক্ত হবেন বলে আশা করা হচ্ছে।
এমডিএএ/এমআইএইচএস/