মিশর সরকার গৃহকর্মী ও ক্যাফে খাতে কাজের উদ্দেশ্যে নারীদের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার দেশটির শ্রম মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মসংস্থান সংক্রান্ত বিদ্যমান বিধিনিষেধ লঙ্ঘন রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশে ব্যক্তিগত বাসাবাড়িতে পরিচালিত গৃহভিত্তিক পেশা- যেমন গৃহপরিচর্যা, রান্না, গৃহপরিচ্ছন্নতা, ব্যক্তিগত সহকারী এবং হোম নার্সিং এসব খাতে মিশরীয় নারীদের কাজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ক্যাফে ও রেস্তোরাঁয় সার্ভার, কাউন্টার স্টাফসহ অনুরূপ পদেও নারীদের নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মিশরের শ্রম প্রতিনিধিত্ব কার্যালয়ের একটি প্রতিবেদন। এতে দেখা গেছে, কিছু নারী বিদ্যমান নীতিমালা অমান্য করে নিষিদ্ধ পেশায় কাজ করছেন, যা বিদেশে কর্মসংস্থান সংক্রান্ত সরকারি নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।
শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, বৈদেশিক শ্রমবাজারে নিয়ন্ত্রণ জোরদার করা এবং নারী শ্রমিকদের সম্ভাব্য শোষণ ও অনিরাপদ কর্মপরিবেশ থেকে সুরক্ষা প্রদানই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে নিয়োগকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদার করা হচ্ছে।
মন্ত্রণালয় সকল লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটমেন্ট এজেন্সিকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে সতর্ক করা হয়েছে, নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত কিংবা ভবিষ্যতে আবেদন বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
সরকারের ভাষ্য, এই উদ্যোগ বৃহত্তর সংস্কার পরিকল্পনার অংশ, যার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান খাতকে আরও সুশৃঙ্খল করা এবং মিশরীয় শ্রমিকদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও মানসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।
এমআরএম