কুমিল্লার ব্রাক্ষণপাড়া সীমান্তে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টায় সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিনগত রাতে পৌনে ১টার দিকে ব্রাক্ষণপাড়ার শশীদল বিওপির টহলদল সীমান্তে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় দক্ষিণ তেতাভূমি এলাকায় ভারতীয় অবৈধ ৬৯৩ পিস শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব শাড়ির বর্তমান আনুমানিক বাজার মূল্য ৫৮ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। শাড়িগুলো কুমিল্লা কাস্টম্স অফিসে জমা দেওয়া হয়েছে।
অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম আরও বলেন, নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে আমাদের অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং আগামী দিনেও অব্যাহত থাকবে।
জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম