নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় তিনটি জলমহালের ইজারা বাতিল এবং ৫৪টির ইজারা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পে সরকারি জলমহাল ইজারা প্রদানসংক্রান্ত কমিটির ৯০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে কলমাকান্দা উপজেলার উব্দাখালী নদী, হাগলা বিল, মেধাবিল টুনাইবাড়ি খাল এবং ভোগাই নদী জলমহালের ইজারা বাতিল করা হয়েছে।
একই সঙ্গে নির্ধারিত সূচির আওতায় সুনামগঞ্জ জেলার ৫৪টি জলমহালের ইজারা প্রদান কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধবকরণসহ প্রকৃত উপকারভোগীদের লাভবান করতে জলমহাল ইজারা প্রদান স্থগিত করা হয়।
এছাড়া আগামী ৪ এপ্রিল সুনামগঞ্জে অনুষ্ঠেয় ‘সরকারি জলমহাল আইন, ২০২৬’ চূড়ান্তকরণ কর্মশালায় উপস্থিত জনগোষ্ঠী ও মৎস্যজীবীদের মতামতের ভিত্তিতে জলমহাল ইজারা প্রদান আরও জনবান্ধব করার পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
আরএমএম/এমএএইচ/