দেশজুড়ে

জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ওসি প্রত্যাহার

গাজীপুরের জব্দ করা ঘোড়া গোপনে বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত ৩১ মার্চ মঙ্গলবার জাগো নিউজে সংবাদ প্রকাশিত হয়।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৭ মার্চ কালিয়াকৈর উপজেলার খলিশাজানি এলাকার জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে ৯টি ঘোড়া উদ্ধার করে কালিয়াকৈর থানার পুলিশ। পরে সেগুলো থানা হেফাজতে রাখা হয়। থানা হেফাজতে রাখা অবস্থায় অসুস্থ হয়ে একটি ঘোড়া মারাও যায়। হঠাৎ করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন গত রোববার ভোরে অনেকটা গোপনে এক ব্যক্তির কাছে আটটি ঘোড়া বিক্রি করেন। বিষয়টি প্রকাশ হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরে উপজেলা প্রশাসনের নির্দেশে ঘোড়াগুলো ফেরত এনে গত সোমবার দুপুরে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। সেই খবর ব্যপকভাবে ছড়িয়ে পড়লে কালিয়াকৈর থানার ওসিকে বৃহস্পতিবার প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, ঘোড়াগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। আগের ঘটনাটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা নিরসনের জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএইচ/এএসএম