দেশজুড়ে

এক প্যানেলে নির্বাচন বিএনপি-জামায়াতের, নিরঙ্কুশ বিজয়

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ‌‘কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’ প্রার্থী সহিদ উল্লাহ (জামায়াত) সভাপতি পদে এবং মাহাবুবুল হক খন্দকারের (বিএনপি) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৩টি পদেই বিএনপি-জামায়াত প্যানেল বিজয়ী হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় নির্বাচন পরিচালনা সাব-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

বিজয়ী প্যানেলের বিএনপি দলীয় প্রার্থীরা সাধারণ সম্পাদক পদসহ আটটিতে জয়লাভ করেছেন এবং জামায়াত দলীয় প্রার্থীরা সভাপতি পদসহ মোট পাঁচটিতে জয়লাভ করেন।

এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ।

এবার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩টি প্যানেল। এদের মধ্যে বিএনপি-জামায়াত সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত ‘সহিদ উল্লাহ (জামায়াত)এবং মাহাবুবুল হক খন্দকার (বিএনপি)’ প্যানেল, কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত ‘ইউসুফ আলী এবং তৌফিক আহমেদ চৌধুরী প্যানেল এবং নিরপেক্ষ নামে আওয়ামী লীগের ‘ফারুক এবং জামান’ পরিষদ।

বিএনপি-জামায়াত প্যানেলের অন্যান্য পদের বিজয়ীরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি), অ্যাডভোকেট আবদুল বাতেন মজুমদার (জামায়াত), ট্রেজারার অ্যাডভোকেট আবু মুছা ভূঁঞা (বিএনপি), লাইব্রেরি সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম কমল (জামায়াত), এনরোলমেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (বিএনপি) ও রিক্রিয়েশন সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুর রহমান সায়েম (বিএনপি)।

কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত ‘ইউসুফ আলী এবং তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ)’ প্যানেলের কেউ জয়ী হতে পারেনি ।

এদিকে নিরপক্ষের ব্যানারে করা আওয়ামী লীগের প্যানেলের শুধুমাত্র সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং আইটি সম্পাদক পদে শাহ আলম দুটি পদে জয় লাভ করে।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিএনপি ও জামায়াত প্যানেলের আবুল হাসনাত হিমেল (বিএনপি), অ্যাডভোকেট বেলাল হোসেন (জামায়াত), অ্যাডভোকেট ইসমাইল হোসেন (বিএনপি), অ্যাডভোকেট লোকমান হোসেন (জামায়াত) ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম (বিএনপি) জয় লাভ করেন ।

জানা গেছে, এবার বিএনপি ও আওয়ামী লীগের দেওয়া প্যানেলের ভরাডুবি হয়েছে। এছাড়া বিএনপির ও জামায়াত মিলে যে প্যানেলটি দেওয়া হয়েছে সেই প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে।

উল্লেখ্য, এই নির্বাচনে মোট ভোটার ছিল ১ হাজার ২৮৭ জন। ভোটাদিকার প্রয়োগ করেছেন ১ হাজার ২৫৩ জন। বৃহস্পতিবার রাতব্যাপী ভোট গণনা শেষে শুক্রবার বেলা ১১টায় ফলাফল প্রকাশ করা হয় ।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম