জীবনযুদ্ধে লড়াই করে যাওয়া রাজশাহীর নারী রিকশাচালক টুলি বেগমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় টুলি বেগমকে একটি ব্যাটারিচালিত রিকশা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর পবা উপজেলার বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র এলাকায় টুলি বেগমের বাসায় গিয়ে এই সহায়তা তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’র প্রতিনিধি দল।
সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেঁচে থাকার লড়াই গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে নরসিংদীর রায়পুরার সংসদ সদস্য ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রাজশাহী সিটি করপোরেশন প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টুলি বেগমের বাড়িতে যান।সেখানে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি ব্যাটারিচালিত রিকশা ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত টুলি বেগম বলেন, তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তার একটি মেয়ে ও নাতি রয়েছে, যাদের পড়াশোনা ও সংসারের খরচ তিনি নিজেই বহন করেন। একটি ভাড়া বাসায় থেকে অনেক কষ্টে দিন পার করছিলেন তিনি।
এসময় মাহফুজুর রহমান রিটন বলেন, টুলি বেগমের কষ্টের জীবন দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পাশে দাঁড়িয়েছেন। তিনি সবসময় দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে থাকেন। এই রিকশা ও আর্থিক সহায়তা তার জীবনে স্বস্তি এনে দেবে।
তিনি বলেন, সাধারণ মানুষের যেকোনো সমস্যায় দ্রুত সাড়া দেওয়া ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই প্রধানমন্ত্রীর নির্দেশনা।
স্থানীয়রা জানান, টুলি বেগম দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছেন। এই সহায়তা তার জীবনে নতুন আশার আলো এনে দেবে বলে তারা মনে করছেন।
আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজকে তাকে এই রিকশা দিতে এসেছি। তার কষ্টের জীবনের দিকে দেখে তার জন্য এই উপহার পাঠিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী ফাতেমাকে নিজের বোন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পৃথিবীতে এমন প্রধানমন্ত্রী বিরল। তারা একসাথে টেবিলে বসে ভাত খান। আমাদের কথা ছিল বিএনপি ক্ষমতায় আসলেও বিএনপি পরিবার তার কার্যক্রম চালিয়ে যাবে। আরও বড় পরিসরে করবে।
এসময় আমরা বিএনপি পরিবারের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএন/জেআইএম