দিনাজপুরের নবাবগঞ্জে গোপনে পাঁচটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজিপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নেত্রকোনা জেলার ত্রিশ হাজার এলাকার আব্দুল্লাহ (৫৫), রংপুর সদর উপজেলার রুবেল হোসেন (৫০) এবং নীলফামারী কিশোরগঞ্জ এলাকার রবিউল ইসলাম(৪৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শুক্রবার সকালে বিনোদনগর ইউনিয়নের গাজীপুর গ্রামে মিঠু মিয়ার ভাড়া দেওয়া গরুর সেটে পাঁচটি ঘোড়া জবাই করে তিন ব্যক্তি। পরে ওই তিন ব্যক্তির মধ্যে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে এক ব্যক্তি পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজন আটক করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানান, সকালে একটি গরুর খামারে পাঁচটি ঘোড়া জবাই করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশসহ সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে তিন ব্যক্তিকে আটক করে এক বছর করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়।
মো. মাহাবুর রহমান/আরএইচ/জেআইএম