দেশজুড়ে

ভোলায় শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

ভোলার দৌলতখানে ১২ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ভুক্তভোগী শিশুটি গুরুতর আহত অবস্থায় ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার চরপাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লেজপাতা গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শিশুটিসহ আরও তিন সহপাঠী মিলে বাড়ির কাছের একটি দোকানে যাচ্ছিল। পথে রাস্তার পাশে পুকুরে মাটি কাটার কাজ করছিলেন চারজন শ্রমিক। শিশুদের আসতে দেখে দুই শ্রমিক তাদের ধাওয়া দেয়। অন্য শিশুরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক পাশের একটি বাগানে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেছে শিশুটি।

নির্যাতনের শিকার শিশুটি কোনোমতে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। এক পর্যায়ে পুকুরে পড়ে যায়। ওই বাড়ির নারীরা তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করলে সে লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয়। রাতেই তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. মো. জোনায়েত হোসেন জানান, শিশুটি ধর্ষণের অভিযোগ নিয়ে ভর্তি হয়েছে এবং তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শিকদার জানান, এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। তবে আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা করছি।

জুয়েল সাহা বিকাশ/কেএইচকে/এএসএম