জ্বালানি সংকট, একের পর এক ছিনতাই এবং আইনশৃঙ্খলার অবনতির অভিযোগের মধ্যেই শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টায় হঠাৎ ‘বিশেষ’ সংবাদ সম্মেলন ডাকেন সিলেটের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী।
তবে সেই সংবাদ সম্মেলনের মূল বিষয় ছিল না নগরীর চলমান সংকট বা নিরাপত্তা পরিস্থিতি। জানানো হয়- এক প্রবাসী ব্যবসায়ীর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক পথশিশুর দায়িত্ব নেওয়ার কথা।
শুক্রবার রাত ১০টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে বিশেষ সংবাদ সম্মেলন ডেকে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, পথশিশু ফায়জা আক্তার মাইশা যার বয়স আট বছর এবং সে রাস্তাঘাটে ফুল বিক্রি করত। মাইশার মা চার বছর আগে মারা গেছেন এবং তার বাবা অন্যত্র বিয়ে করেছেন। ফলে তার যাওয়ার কোনো জায়গা নেই। সে বর্তমানে তার নানির সঙ্গে থাকে এবং জীবিকার তাগিদে ফুল বিক্রি করে।
তিনি বলেন, মাইশার এই বিষয়টি মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়ার পর সিলেটের একজন বিশিষ্ট ব্যক্তি ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী তাকে খুঁজে বের করতে বলেন এবং তার লেখাপড়া ও আবাসনসহ সমস্ত দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পুলিশ তাকে চোহাট্টা এলাকায় খুঁজে পেয়েছে। এই মানবিক উদ্যোগটির কথা জানানোর জন্যই মিডিয়াকে ডাকা হয়েছে বলেন তিনি।
তবে হঠাৎ করে বিশেষ সংবাদ সম্মেলনের বিষয়বস্তু ভিন্ন হলেও উপস্থিত সাংবাদিকরা দোকানপাট বন্ধের সময়সীমা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটি প্রশাসনিক কোনো সিদ্ধান্ত নয়, দোকান মালিক সমিতির একটি সিদ্ধান্ত। সরকারি নির্দেশনার বিষয়ে তিনি অবগত নন এবং বিষয়টি জেনে জানাবেন বলে উল্লেখ করেন।
সাম্প্রতিক সময়ে সিলেটে বেশ কয়েকটি চাঞ্চল্য সৃষ্টিকারী ছিনতাইয়ের ঘটনায় পুলিশের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসামি ধরা অব্যাহত রয়েছে এবং বেশ কয়েকটি গ্যাংকে শনাক্ত করা হয়েছে। পুলিশের কাজ জটিল এবং অপরাধীরা প্রযুক্তি ব্যবহার করে অবস্থান পরিবর্তন করলেও তাদের ধরা পড়তেই হবে।
শুক্রবার নগরীর তালতলা এলাকায় নতুন একটি ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ সজাগ ও সতর্ক আছে এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকেই সিলেট নগরীতে ফুল বিক্রি করা এক ফুটফুটে পথশিশুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই মানবিক দৃষ্টিকোণ থেকে ভিডিওটি ভাইরাল করেন। শিশুটির নাম ফায়জা আক্তার মাইশা।
আহমেদ জামিল/এফএ/এএসএম