জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ৩২ লাখ টাকার সিগারেট জব্দ

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৩২ লাখ টাকার সিগারেট জব্দ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭৯৮ কার্টনে ১ লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা, যার মূল্য ৩১ লাখ ৯২ হাজার টাকা।

সেখানে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এফজেড-৫২৩ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মাসুদের ব্যাগেজ তল্লাশি করে ৩৪০ কার্টন এবং ইকে-৫৮৬ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসানের লাগেজ থেকে সুকৌশলে লুকানো অবস্থায় আরও ৪৫৮ কার্টন অবৈধ সিগারেট জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ধরনের অভিযান সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বৈধ বাণিজ্য কার্যক্রমকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএম/এমকেআর