সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রোববার বেলা ১১টায় তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ছে জাতীয় ক্রীড়া পরিষদে।
বিসিবির গত অক্টোবরে হওয়া পরিচালক পর্ষদের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নানা মহলে সংশয় সন্দেহ দেখা দেওয়ার কারণেই জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা তা যাচাই-বাছাই করতে একজন সাবেক বিচারপতিকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল গত ১১ মার্চ।
সেই তদন্ত কমিটিকে সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল ১৫ কার্যদিবস। নির্ধারিত সময়ের আগেই আজ ৫ এপ্রিল তদন্ত রিপোর্ট জমা পড়তে যাচ্ছে। বিসিবি নির্বাচনে প্রক্রিয়া শুরুর আগে থেকেই নানা অস্বচ্ছতা এবং সরকারি হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল। জেলা ও বিভাগীয় কাউন্সিলরশিপ মনোনয়নে খোদ বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিপক্ষেও নিয়ম ভাঙার অভিযোগ ছিল।
তামিম ইকবালের নেতৃত্বে একটি অংশ নির্বাচন বয়কট করেছিল। নতুন সরকার গঠনের পর জাতীয় ক্রীড়া পরিষদের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। তদন্ত কমিটি অভিযুক্ত ব্যক্তিবর্গ এবং অভিজ্ঞ ক্রিকেট সংগঠকদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করেছে। কমিটির সুপারিশের ওপরই বর্তমান ক্রিকেট বোর্ডের ভাগ্য নির্ভর করছে।
ইতিমধ্যে গত ৭২ ঘণ্টায় পাঁচ জনসহ মোট ছয় জন পরিচালক পদত্যাগ করেছেন। তদন্ত প্রতিবেদনে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কায় অনেকে আগেই সরে দাঁড়াচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এতে বর্তমান কমিটির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে এবং বোর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।
এআরবি/আইএন