দেশজুড়ে

চাঁদাবাজির প্রতিবাদে মার্কেট বন্ধ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

যশোরের অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মারধরের প্রতিবাদে মার্কেট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

রোববার (৫ এপ্রিল) নওয়াপাড়া বাজারে কাপুড়িয়াপট্টির নওয়াপাড়া সুপার মার্কেট বন্ধ রেখে চাঁদাবাজির প্রতিবাদ জানান তারা। একই সঙ্গে চাঁদাবাজদের গ্রেফতারের দাবি জানান।

এর আগে শনিবার (৪ এপ্রিল) রাতে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে মাহী ফ্যাশন নামে একটি কাপড়ের দোকানে হামলা ও মালিককে মারধরের ঘটনা ঘটে।

দুপুরে নওয়াপাড়া বাজারে কাপুড়িয়াপট্টির নওয়াপাড়া সুপার মার্কেটের ভেতরে মাহী ফ্যাশনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নওয়াপাড়া কাপুড়িয়াপট্টির উপদেষ্টা ও সাবেক সভাপতি হাজী মো. জাহাঙ্গীর হোসেন।

এসময় তিনি জানান, শনিবার রাত ৯টার দিকে উপজেলার গুয়াখোলা গ্রামের এফ এম আলাউদ্দিন আহম্মেদের ছেলে এফ এম রাব্বিসহ (৩২) অজ্ঞাতপরিচয় ৪-৫ যুবক নওয়াপাড়া সুপার মার্কেটে মাহী ফ্যাশানে প্রবেশ করেন। তারা দোকানের মালিক আব্দুল্লাহ আল মামুনকে আওয়ামী লীগের সমর্থক বলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে রাজি না হলে থানা বিএনপির এক নেতার কথা বলে তারা আব্দুল্লাহ আল মামুনকে দোকান থেকে ডেকে ভৈরব নদ তীরবর্তী পৌরসভার ওয়াকওয়েতে নিয়ে যান। একপর্যায়ে সেখানে মব সৃষ্টির পর দেশীয় অস্ত্র দিয়ে আব্দুল্লাহ আল মামুনকে মারধর করা হয়। এসময় তার কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন তারা। বিষয়টি পুলিশকে জানালে খুন করে লাশ গুমের হুমকি দিয়ে পালিয়ে যান।

ঘটনার পর রাত ১১টার দিকে মাহী ফ্যাশনের মালিক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে এফ এম রাব্বিসহ তার সহযোগীদের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাহী ফ্যাশনসহ নওয়াপাড়া সুপার মার্কেটের ৩২টি দোকান বন্ধ রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহী ফ্যাশনের মালিক আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া কাপুড়িয়াপট্টির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, রুপক গার্মেন্টেসের মালিক মিজানুর রহমান, প্রিয়াংকা ফ্যাশনের মালিক শিবনাথ অধিকারী, সাদিয়া গার্মেন্টেসের মালিক রমজান শেখসহ কাপুড়িয়াপট্টির অর্ধশত ব্যবসায়ী।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এফ এম রাব্বি বলেন, ‘মারধর ও চাঁদা চেয়েছি প্রমাণ দিতে পারবেন না ব্যবসায়ীরা। আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

মিলন রহমান/এসআর/জেআইএম