জাতীয়

ঢাকায় অবৈধ নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের আলটিমেটাম

ঢাকা মহানগরের ভেতরে অনুমোদনহীন সব আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার অপসারণে সংশ্লিষ্টদের সাত দিনের আলটিমেটাম দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।

রোববার (৫ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের ভেতরে অবস্থিত সব আন্তঃজেলা বাসমালিককে জানানো যাচ্ছে- যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও উন্নত নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে অনুমোদনহীন বা রুট পারমিট ছাড়া পরিচালিত আন্তঃজেলা নাইট কোচ কাউন্টারগুলো অপসারণ প্রয়োজন। অনুমোদনহীন/অবৈধভাবে আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার স্থাপন ও পরিচালনা, পার্কিং, যাত্রী ওঠানামার ফলে মহানগরে অন্যান্য যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে মহানগরে রাতেও ট্রাফিক যানজট সৃষ্টি হচ্ছে।

আরও বলা হয়, গণবিজ্ঞপ্তি জারির সাত কার্যদিবসের মধ্যে ঢাকা মহানগরে অবস্থিত আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা (গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ) ছাড়া অন্য কোথাও কার্যক্রম পরিচালনা না করাসহ মহানগরের বিভিন্ন স্থানে যেসব আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার রয়েছে তা স্ব-উদ্যোগে অপসারণ/উচ্ছেদের জন্য অনুরোধ করা হলো।

অন্যথায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩৭/৪৭/৮২/৯০ ধারাসহ অন্যান্য সংশ্লিষ্ট আইনের বিধান বলে ডিএমপির ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সামারি ট্রায়াল/মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারী ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা (কারাদণ্ড/অর্থদণ্ড/রুট পারমিট বাতিলসহ সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত ইত্যাদি) নেওয়া হবে।

কেআর/বিএ