বিসিবির গেলো নির্বাচনের পর থেকে লিগ বয়কট করে আসছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। এতে করে স্থবির হয়ে আছে ঘরোয়া ক্রিকেট। এর মধ্যে তৃতীয় বিভাগ ক্রিকেট আয়োজনের আলোচনার জন্য ক্লাবগুলোকে চিঠি দিয়েছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তবে সেই মিটিংয়ে কোরাম করাই সম্ভব হয়নি।
সিসিডিএম সূত্র জাগো নিউজকে জানিয়েছে, রোববার অনুষ্ঠিতব্য ওই সভায় মাত্র ৫টি ক্লাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কোরাম পূর্ণ না হওয়ায় কোনো আনুষ্ঠানিক সভা করা সম্ভব হয়নি। তবে অভিযোগ উঠেছে, সিসিডিএম-এর পক্ষ থেকে ক্লাবগুলোর মতামত তোয়াক্কা না করেই নিজেদের মতো কিছু একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।
জানা গেছে, সিসিডিএম তৃতীয় বিভাগ ক্রিকেটের জন্য ১১ ও ১২ এপ্রিল দলবদলের তারিখ নির্ধারণ করেছে এবং ১৬ এপ্রিল থেকে লিগ শুরুর পরিকল্পনা করছে। তবে সভায় হাজির না হওয়া একাধিক ক্লাবের কর্মকর্তারা জাগো নিউজকে নিশ্চিত করেছেন তারা তৃতীয় বিভাগ ক্রিকেটের কোনো কার্যক্রমেই অংশ নিবেন না।
প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটের পর তৃতীয় বিভাগের এই হযবরল অবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছে ক্রিকেটারদের মধ্যে। আগামী ৮ এপ্রিল প্রিমিয়ার লিগ আয়োজনের আলোচনা করার জন্য ক্লাবগুলোকে চিঠি দিয়েছে সিসিডিএম। তবে সেখানেও সভা করার জন্য কোরাম তৈরী না হওয়ার সম্ভাবনাই বেশি। বেশ কয়েকটি সূত্রের মাধ্যমে জাগো নিউজ নিশ্চিত হয়েছে প্রিমিয়ার লিগের সভায় সর্বোচ্চ ৩টি দল হাজির হতে পারে।
শনিবার বোর্ড সভা শেষে এক রাতেই বিসিবির ৪ জন পরিচালকের পদত্যাগের পর বোর্ডের অস্তিত্ব নিয়েই এখন প্রশ্ন তুলছেন সংগঠকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাব কর্মকর্তা বলেন, ‘বোর্ড আদৌ টিকে কি না, সেটাই এখন দেখার বিষয়। নীতিনির্ধারকরাই যেখানে সরে দাঁড়াচ্ছেন, সেখানে ঘরোয়া ক্রিকেটের ভাগ্য কোন দিকে যাচ্ছে তা নিয়ে সবাই শঙ্কিত।’
এসকেডি/আইএন