ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের নাইট ক্যানটিনে খাবার খেতে গিয়ে পোকা পেয়েছেন চার শিক্ষার্থী। রোববার (৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, তাদের অর্ডার করা চিকেন চাপের প্রতিটি প্লেটেই সাদা পোকা দেখতে পান। ঘটনাটি তারা তাৎক্ষণিকভাবে ক্যানটিন কর্তৃপক্ষকে অবহিত করেন। ধারণা করা হচ্ছে, চাপের সঙ্গে দেওয়া সালাদেই পোকা ছিল।
ভুক্তভোগী শিক্ষার্থীদের একজন ওয়াহিদ বলেন, ‘এর আগেও অন্তত তিনবার অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয়েছে। হল সংসদে অভিযোগ জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
ঘটনার শিকার অন্য শিক্ষার্থীরা হলেন নাইমুর রহমান ইমন, নাজমুস সাকিব আদিব ও নিলয়।
জানতে চাইলে ক্যানটিন ম্যানেজার বলেন, চিকেন চাপের সঙ্গে পরিবেশিত শসার কুচি দুপুরে কাটা হয়েছিল। জানা গেছে, শসা কাটার দায়িত্বে থাকা কর্মচারী কাজের সময় মোবাইলে টিকটক ভিডিও দেখায় ব্যস্ত ছিলেন।
বিষয়টি হল সংসদে জানানো হলে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক ইমরান তুষার বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট ক্যানটিনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূঁইয়া জানান, ক্যানটিনটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। হল প্রশাসনের সঙ্গে তাদের চুক্তি রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এফএআর/একিউএফ