টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘিরে শোক ও ক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গের শোবিজ অঙ্গন। শিল্পীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের শিল্পী সংগঠনগুলো।
মঙ্গলবার সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় সব ধরনের সিনেমা ও ধারাবাহিকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। রোববার সন্ধ্যায় কলকাতার টেকনিশিয়ানস স্টুডিওতে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, রূপাঞ্জনা মিত্র ও বিদীপ্তা চক্রবর্তীসহ জ্যেষ্ঠ শিল্পীরা।
এর আগে শনিবার বিকেলে রাজপথে নেমে বিক্ষোভ করেন টালিউডের শিল্পীরা। রাহুলের অকাল মৃত্যু নিয়ে তাদের প্রশ্ন-কেন এবং কীভাবে এমন ঘটনা ঘটলো? একই দিন দুপুরে রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়।
অন্যদিকে, ন্যায়বিচারের দাবিতে রাহুলের স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার শনিবার মধ্যরাতে কলকাতা থেকে উড়িষ্যার তালসারি থানায় গিয়ে পৃথক আরেকটি এফআইআর দায়ের করেন।
বৈঠক শেষে আর্টিস্ট ফোরামের পক্ষে শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, ‘আমরা শুরু থেকেই রাহুলের পরিবারের পাশে আছি। এই লড়াই শুধু ন্যায়বিচারের নয়, এটি আমাদের জীবনের নিরাপত্তার লড়াই। শুটিংয়ে গেলেও নিরাপদে ঘরে ফিরতে পারব কি না, সেই নিশ্চয়তা নেই। রাহুল আমাদের চোখ খুলে দিয়েছে। তাই বাধ্য হয়েই কর্মবিরতির পথে যেতে হচ্ছে।’
আরও পড়ুন:এক হাতে বন্দুক তার আরেক হাতে প্রেমিকা রণবীর সিংয়ের কারণে ফিরিয়ে দেওয়া চরিত্রে শেষ পর্যন্ত অক্ষয় খান্না
শিল্পী ও টেকনেশিয়ানদের এই কর্মবিরতিতে সংহতি জানিয়েছে প্রায় চার হাজার সদস্যের আর্টিস্ট ফোরাম এবং সাত হাজার সদস্যের টেকনিশিয়ান ফেডারেশন। ফলে বড় পর্দার পাশাপাশি ছোটপর্দার সব ধরনের শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে।
এমএমএফ