দেশজুড়ে

ক্ষমতায় এসেই বিএনপি জাতির কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে

ক্ষমতায় আসার এক মাস না যেতেই বিএনপি তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারেনি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জামায়াতসহ বিএনপি জুলাই সনদে সই করে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ক্ষমতায় এসেই তারা জাতির কাছে দেওয়া গুরুত্বপূর্ণ অঙ্গীকার ভঙ্গ করেছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় এক স্কুল মাঠে বগুড়া-৬ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রায় ৫ কোটি মানুষের ইচ্ছাকে উপেক্ষা করে গণভোটের রায় বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। তিনি প্রশ্ন তোলেন, যদি শুরুতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সামনের পাঁচ বছরে কী করা হবে? যদি দেশ আবারও স্বৈরাচারী শাসনের দিকে ধাবিত হয়, তবে এর পরিণতি কারও জন্যই ভালো হবে না।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট তৈরি হয়েছে। সরকার বলছে সংকট নেই, কিন্তু বাস্তবে পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। জ্বালানির অভাবে সামনে বোরো মৌসুমে সেচ সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। সরকার পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে মিয়া গোলাম পরওয়ার ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, বগুড়ার সব আসন দখলের কথা বলা হচ্ছে, যা দেশের স্বার্থের পরিপন্থি। দেশ ও দশের স্বার্থে সবাইকে সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে তিনি বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমানকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতুও বক্তব্য দেন।

এল.বি/কেএইচকে/এমএস