চলতি মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মমতা ব্যানার্জী। সোমবার (৬ এপ্রিল) নদিয়া জেলার বেথুয়াডহরির এক নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, নির্বাচনের আগে আরেকটি ‘পাহেলগাম’-এর মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।
সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গণমাধ্যমে মন্তব্য করেন, ভারত ভবিষ্যতে কোনো অজুহাতে পাকিস্তানে হামলা চালালে তাদের পাল্টা জবাব কলকাতা পর্যন্ত গড়াতে পারে। এই প্রসঙ্গ টেনে মমতা ব্যানার্জী প্রশ্ন তোলেন, কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে পশ্চিমবঙ্গের জনসভায় কোনো বক্তব্য দেননি।
তিনি বলেন, ‘আমরা সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যখন কলকাতায় আক্রমণের কথা বলেন, সেই কথাটা নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে কেন বললেন না? কেন তিনি জানালেন না, এর বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে।ৎ
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও অভিযোগ করেন, এই নীরবতার পেছনে কোনো ‘ব্লু-প্রিন্ট’ থাকতে পারে। নির্বাচনের আগে আরেকটা পাহেলগাম?
মমতা ব্যানার্জী বলেন, ‘পশ্চিমবঙ্গকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা হলে পশ্চিমবঙ্গও চুপ থাকবে না।’
এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগও দাবি করেন তিনি।
ডিডি/কেএএ/