ফরিদপুরের নগরকান্দায় ৪ কেজি গাঁজাসহ বাবা-ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার দফা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কাবুল মাতুব্বর (৫০) ও তার ছেলে সালাউদ্দিন মাতুব্বর (২৪)। তারা উভয়েই উপজেলার দফা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। সম্পর্কে তারা বাবা ও ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের মাদক ব্যবসার তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানাই।
এন কে বি নয়ন/কেএইচকে/এমএস