পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি দৃঢ়ভাবে জানিয়েছেন, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) একদিন বিশ্বের সেরা বিনিয়োগ বাজারে পরিণত হবে এবং জনপ্রিয়তার দিক থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেও (আইপিএল) ছাড়িয়ে যাবে।
পিসিবির বোর্ড অব গভর্নর্সের বৈঠকে নকভি বলেন, ‘পিএসএল এখন বিনিয়োগের জন্য অন্যতম সেরা বাজার। খুব শিগগিরই এটি বিশ্বের এক নম্বর লিগ হবে।’ একই বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়।
বর্তমানে আইপিএল বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ, যার ২০২৩-২০২৭ চক্রের মিডিয়া স্বত্বের মূল্য ৬ বিলিয়ন ডলারেরও বেশি। তুলনায় পিএসএলের মূল্যায়ন প্রায় ৫০০-৬০০ মিলিয়ন ডলার।
এই বিশাল পার্থক্যের কারণে শীর্ষ খেলোয়াড়দের আকর্ষণ করা পিএসএলের জন্য এখনও চ্যালেঞ্জিং, কারণ অধিকাংশ ক্রিকেটার আর্থিকভাবে লাভজনক হওয়ায় আইপিএলকে প্রাধান্য দেন।
তবে ২০২৬ সালের পিএসএল ফ্র্যাঞ্চাইজি নিলামে রেকর্ড বিনিয়োগ বোর্ডের আস্থা আরও বাড়িয়েছে। নকভি বলেন, বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ পাকিস্তান ক্রিকেটের জন্য ইতিবাচক ভবিষ্যতের ইঙ্গিত বহন করে।
এদিকে, ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) সাম্প্রতিক র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগ শীর্ষে এবং আইপিএল দ্বিতীয় স্থানে রয়েছে। পিএসএল বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে, যেখানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ তৃতীয় এবং যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগ পঞ্চম স্থানে রয়েছে। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নবম স্থানে অবস্থান করছে।
এমএমআর