ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদসহ ২২ জনের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ দিয়েছেন মো. মশিউর রহমান (মামুন) নামের যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তি।
সোমবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ অভিযোগ জমা দেন তিনি।
মশিউর রহমান জানান, তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। গুম ও নির্যাতনের অভিযোগ দিতে দেশে এসেছেন তিনি।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধেও অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মশিউর রহমান। তবে তিনি সবার নাম প্রকাশ করেননি।
মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ২০১৩ সালে তাকে প্রথমবার গুম করা হয়। এরপর ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবার তাকে গুম করে। গুম রেখে দীর্ঘ ছয় মাস তাকে অমানুষিক নির্যাতন করা হয়।
২০১৫ সালের ২৩ আগস্ট তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) গারদে রাখা হয়। পরে আদালতে তুলে রিমান্ডে নেওয়া হয়। সেখান থেকে কারাগারে নেওয়া হয়। কারাবাসের পর মুক্তি পেলে একপর্যায়ে তিনি যুক্তরাজ্য চলে যান।
মশিউর রহমান বলেন, তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছেন। গুম, নির্যাতনের কারণে তিনি এখন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না।
এফএইচ/বিএ