দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষ করেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একই উড়োজাহাজে মরিশাস যাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিষয়টি কূটনৈতিক মহলে বাড়তি গুরুত্ব পাচ্ছে।
সোমবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রথমে দিল্লিতে দুদিনের দ্বিপাক্ষিক সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন খলিলুর রহমান। এরপর ৯ এপ্রিল সকালে মরিশাসের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে, যেখানে একই ফ্লাইটে থাকবেন এস জয়শঙ্করও।
এক প্রতিবেদনে বিবিসি বাংলা জানিয়েছে, এয়ার মরিশাসের ওই ফ্লাইটে প্রায় সাত থেকে আট ঘণ্টার দীর্ঘ যাত্রাপথে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একান্ত আলোচনার সুযোগ তৈরি হবে। কূটনৈতিকভাবে এই সময়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সম্প্রতি ঢাকা-দিল্লি সম্পর্কে যে শীতলতা দেখা গিয়েছিল, তার প্রেক্ষাপটে দুই মন্ত্রীর একসঙ্গে সফরের সিদ্ধান্ত ইতিবাচক বার্তা দিচ্ছে। এতে বোঝা যাচ্ছে, দুই দেশই সম্পর্ক নতুনভাবে গুছিয়ে নেওয়ার দিকে এগোতে চায়।
আরও পড়ুনভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানিসহ নানা ইস্যুতে আলোচনা মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করেছে সরকার: প্রধানমন্ত্রী
প্রতিবেদনে আরও বলা হয়, ৭ এপ্রিল দিল্লি পৌঁছে ৯ এপ্রিল সেখান থেকেই সরাসরি মরিশাসে যাবেন ড. খলিলুর রহমান। সেখানে অনুষ্ঠিত নবম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। একই সম্মেলনে অংশ নেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীও।
সম্মেলনটি আয়োজন করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লিভিত্তিক থিংকট্যাঙ্ক ইন্ডিয়া ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির সভাপতি বিজেপি-ঘনিষ্ঠ নেতা রাম মাধব।
এ কারণে দিল্লির আনুষ্ঠানিক বৈঠকের বাইরে মরিশাসেও দুই দেশের কূটনীতিকদের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
সব মিলিয়ে, দিল্লিতে সংক্ষিপ্ত অবস্থান হলেও খলিলুর রহমানের এই সফর কার্যত কয়েক দিনব্যাপী কূটনৈতিক যোগাযোগে রূপ নিচ্ছে বলে মন করছেন সংশ্লিষ্টরা।
জেপিআই/কেএসআর