দেশজুড়ে

বগুড়া-৬ উপনির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদের ৪১ বগুড়া-৬ নির্বাচনি এলাকার শূন্য আসনে উপনির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকায় বিভিন্ন ধরনের যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের সই করা গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৮ এপ্রিল দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৯ এপ্রিল মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনি এলাকায় ট্যাক্সি ক্যাব, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া আজ ৭ এপ্রিল মধ্যরাত ১২টা থেকে ১০ এপ্রিল মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

তবে বেশ কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

একই সঙ্গে দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যেকোনো যানবাহন চলাচল করতে পারবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে একটি করে গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হবে। সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন বা মোটরসাইকেল নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে।

জাতীয় মহাসড়ক, বন্দর ছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বের হওয়ার বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান রাস্তার সংযোগ সড়ক বা অনুরূপ সব রাস্তায় এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় থাকবে।

এলবি/এনএইচআর/জেআইএম