শিক্ষা

বই পড়ায় আগ্রহ বাড়াতে প্রতিযোগিতার আয়োজন করবে সরকার

সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে সরকার বই পড়ার প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সংস্কৃতি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। একই সঙ্গে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, ‘আজকে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি মিটিং হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। আমিও ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে সভায় ছিলাম। খুব দ্রুত এটা আপনারা অফিশিয়ালি জানবেন। সারাদেশে ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করার জন্য বই পড়ার প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এটা আমি আগাম জানিয়ে দিলাম।’

উপদেষ্টা বলেন, বিএনপি সরকার যখন প্রথম ক্ষমতায় ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় নতুন কুঁড়ি সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে শুরু হয়েছিল। এবার এটাকে খেলাধুলার ক্ষেত্রেও আওতা বাড়ানো হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন। আরও কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ট্যালেন্ট হান্টিং হবে সেটা নিয়ে আজকে সকালেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠকে আমরা ছিলাম।'

'আমরা চাই আমাদের তরুণ সমাজকে যত বেশি সম্ভব সৃজনশীল এবং যা তার জন্য ভালো এরকম কর্মকাণ্ডে প্রতিযোগিতায় নিয়ে আসা। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী এটার উদ্বোধন করবেন।'

১৮ জেলার ৩০ উপজেলায় হামের টিকা কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং ময়মনসিংহ ও বরিশালে টিকা দেওয়া হবে। আর ৩ মে থেকে অবশিষ্ট সারাদেশে একযোগে টিকা দেওয়া হবে। অতীতের সরকারগুলোর ভুল ব্যবস্থাপনার কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে আক্রান্তদের মধ্যে ৮২ শতাংশ রোগী ৫ বছরের কম হওয়ায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের গ্রুপটাকে টিকা দেওয়া হচ্ছে। বাকিদের পরে পর্যায়ক্রমে দেওয়া হবে।

তিনি বলেন, ‘এই কার্যক্রমটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় কার্যক্রম শুরু হবে। এরপর রোগের পরিস্থিতি এবং মাঠ পর্যায়ের প্রস্তুতির ভিত্তিতে ধীরে ধীরে সারাদেশে সম্প্রসারণ করা হবে। মূল লক্ষ্য হলো ২১ মে'র মধ্যে, আসন্ন পবিত্র ঈদুল আজহার পূর্বেই, পুরো কার্যক্রম সম্পন্ন করা।’

আরএমএম/এমএএইচ/