ভারতে বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় লক্ষ্য এখন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬। আর সেই লক্ষ্য সামনে রেখেই এবার তারকা শক্তিকে কাজে লাগাতে চাইছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এরই মধ্যে দলের পক্ষে ৪০ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করা হয়েছে, যেখানে জায়গা পেয়েছেন বলিউড থেকে টলিউড-একাধিক পরিচিত মুখ।
এই তালিকায় রয়েছেন হেমা মালিনী, কঙ্গনা রানাউত, মিঠুন চক্রবর্তী, মনোজ তিওয়ারি এবং লিয়েন্ডার পেজ-এর মতো তারকারা। বিশেষ করে ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনার উপস্থিতি ঘিরে আলাদা করে আলোচনা শুরু হয়েছে।
সপ্তাহের প্রথম দিনেই কলকাতায় পৌঁছে গেছেন কঙ্গনা। সাবেক সাজে কালীঘাটে পূজা দিয়ে তিনি ভোট প্রচারে নামবেন বলে জানা গেছে। বলিউডের এই অভিনেত্রীর রাজনৈতিক ময়দানে সক্রিয় উপস্থিতি এরই মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
তবে এই তারকা তালিকা নিয়েই উঠছে প্রশ্ন। কারণ বাংলার নির্বাচন হলেও প্রচারকদের বড় অংশই দিল্লিভিত্তিক নেতা-নেত্রী। তালিকার শীর্ষে রয়েছেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ, যারা এরই মধ্যে রাজ্যে একাধিকবার সফর করেছেন।
রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই তারকা নির্ভরতা থেকেই স্পষ্ট যে বাংলায় বিজেপির সংগঠন এখনো পুরোপুরি শক্ত ভিত গড়ে তুলতে পারেনি। তাই সংগঠনের ঘাটতি ঢাকতেই তারকা প্রচারকদের উপর জোর দিচ্ছে গেরুয়া শিবির।
আরও পড়ুন:সুখবর দিলেন কারিশমা রাম ও রাবণ হয়ে পারিশ্রমিকের রেকর্ড গড়লেন রণবীর-যশ
তবে সব সমালোচনাকে পাশ কাটিয়ে ২০২৬ সালের নির্বাচনকে ‘ডু অর ডাই’ লড়াই হিসেবেই দেখছে বিজেপি। সর্বশক্তি দিয়ে ভোটের ময়দানে নামার প্রস্তুতি চলছে জোরকদমে। এখন দেখার, তারকা বাহিনী নিয়ে এই লড়াইয়ে কতটা সাফল্য পায় পদ্ম শিবির-তার উত্তর মিলবে আগামী ৪ মে।
এমএমএফ