খেলাধুলা

এশিয়া কাপের মতো টুর্নামেন্ট আয়োজনের ভাবনা আফ্রিকার ক্রিকেটে

আফ্রিকা মহাদেশের ক্রিকেটের দেশগুলোকে নিয়ে এশিয়া কাপের আদলে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন। যার লক্ষ্য বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি নিজেদের কার্যক্রমে অর্থায়ন করা। সংস্থাটি বর্তমানে বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করছে, তবে ২০২৭ সালের আগে এই টুর্নামেন্ট শুরুর সম্ভাবনা নেই।

নতুন করে গঠিত এই সংস্থার নেতৃত্বে আছেন তাভেঙ্গা মুখুহলানি। টুর্নামেন্ট নিয়ে আলোচনায় এখন দুটি বিষয় বেশি গুরুত্ব পাচ্ছে — কবে আয়োজন করা হবে এবং অংশগ্রহণের যোগ্যতা কীভাবে নির্ধারণ করা হবে। টুর্নামেন্টের সময়সূচি অনেকটাই নির্ভর করছে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের ওপর। যারা আফ্রিকার সবচেয়ে ব্যস্ত দল। তারা নতুন এফটিপি অনুযায়ী নিজেদের সময়সূচি ঠিক করবে।

সূত্র জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট মূলত এই ধারণার পক্ষে থাকলেও নিজেদের ব্যস্ত সূচির কারণে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত তাদের টানা ব্যস্ততা থাকবে।

এদিকে, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে। যেখানে নামিবিয়াও থাকার সম্ভাবনা রয়েছে। ভিক্টোরিয়া ফলসের নতুন স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে এই সিরিজ আয়োজন হতে পারে এবং এটি সম্ভাব্য আফ্রিকা কাপের প্রস্তুতি হিসেবে কাজ করবে।

চলতি বছরের আগস্টে সিরিজটি অনুষ্ঠিত হতে পারে এবং ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সেটি ওয়ানডে ফরম্যাটে খেলা হতে পারে। এর আয় থেকে কিছু অংশ আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশনের তহবিলে যোগ হবে।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মধ্যে ক্রিকেট সহযোগিতা বেড়েছে। ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়েতে টেস্ট সিরিজ খেলেছে এবং নামিবিয়াতেও ম্যাচ আয়োজন করেছে।

উল্লেখ্য, আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এই আয়োজনকে সামনে রেখে আফ্রিকায় ক্রিকেটের উন্নয়নে নতুন এই টি-টোয়েন্টি কাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আইএন