ছাত্রজীবনে অনেকেই তাড়াহুড়ো করে বা মজার ছলে একটি ই-মেইল আইডি খুলে ফেলেন। তখন হয়তো নিজের নামের সঙ্গে নানা অদ্ভুত শব্দ জুড়ে দেন বা বন্ধুদের দেওয়া ডাকনাম ব্যবহার করেন। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি বদলায়। চাকরি, ব্যবসা বা পেশাগত যোগাযোগের ক্ষেত্রে সেই ই-মেইল আইডি অনেক সময় অস্বস্তিকর হয়ে ওঠে।
এই সমস্যার সমাধানেই নতুন একটি সুবিধা নিয়ে আসছে গুগল। খুব শিগগির জি-মেইলে এমন একটি ফিচার যুক্ত হতে পারে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ই-মেইল অ্যাড্রেস পরিবর্তন করার সুযোগ পাবেন।
কেন দরকার এই পরিবর্তনবর্তমানে জি-মেইলে একবার ই-মেইল ঠিকানা তৈরি করলে সেটি সরাসরি পরিবর্তন করার সুযোগ নেই। ফলে অনেকেই পুরোনো অ্যাকাউন্ট রেখে নতুন ই-মেইল খুলতে বাধ্য হন। এতে পুরোনো মেইল, ডকুমেন্ট ও বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় ঝামেলা তৈরি হয়।
নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা একই অ্যাকাউন্ট রেখেই ই-মেইল ঠিকানার নাম পরিবর্তন করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। এতে ব্যক্তিগত বা পেশাগত প্রয়োজনে ই-মেইল আইডি আরও পরিচ্ছন্ন ও উপযুক্ত করা সহজ হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীরা নিজেদের জি-মেইল অ্যাকাউন্টের সেটিংস থেকে ই-মেইল ঠিকানার ইউজারনেম পরিবর্তনের অপশন পেতে পারেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টের তথ্য, পুরোনো ই-মেইল বা গুগল ড্রাইভের ফাইল অপরিবর্তিত রেখেই শুধু ঠিকানার নাম বদলানো সম্ভব হবে।
এ ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বা নির্দিষ্ট শর্ত মেনে পরিবর্তনের সুযোগ দেওয়া হতে পারে। পাশাপাশি একই নাম আগে কেউ ব্যবহার করলে সেটি আর বেছে নেওয়া যাবে না এমন নিয়মও থাকতে পারে।
ব্যবহারকারীদের জন্য কী সুবিধাএই ফিচার চালু হলে অনেক বড় একটি সমস্যার সমাধান হবে। যারা বহু বছর আগে তৈরি করা অদ্ভুত বা অপেশাদার ই-মেইল ব্যবহার করছেন, তারা সহজেই সেটি পরিবর্তন করে নিজের নাম অনুযায়ী একটি পরিচ্ছন্ন ঠিকানা রাখতে পারবেন।
বিশেষ করে চাকরির আবেদন, ব্যবসায়িক যোগাযোগ বা অফিসিয়াল কাজে এটি বেশ সহায়ক হবে। একই সঙ্গে নতুন অ্যাকাউন্ট খোলার ঝামেলাও কমে যাবে।
যদিও বিষয়টি নিয়ে প্রযুক্তি মহলে আলোচনা শুরু হয়েছে, তবে ফিচারটি কবে সবার জন্য চালু হবে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি গুগল। তবে পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারীর জন্য এটি চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যদি সত্যিই এই সুবিধা চালু হয়, তাহলে জি-মেইল ব্যবহারকারীদের জন্য এটি হবে দীর্ঘদিনের একটি বড় স্বস্তির খবর। কারণ বহুদিন ধরেই ব্যবহারকারীরা ই-মেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ চেয়ে আসছিলেন।
আরও পড়ুনগুগল ক্যালেন্ডার ব্যবহারেও হ্যাকারের ফাঁদে পড়তে পারেনঅ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগলের নতুন ৫ ফিচারসূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে