জাতীয়

দেশের সব উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিবেচনা রয়েছে

সরকার দেশের সব উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক প্রশ্নে প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রশ্নোত্তর পর্বে ওই সংসদ সদস্য জানতে চান—নওগাঁর মান্দা উপজেলাধীন ‘মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ’সহ দেশের সব উপজেলা সদরের একটি করে মহিলা কলেজ সরকারিকরণের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না; যদি থাকে তবে কতদিনের মধ্যে তা বাস্তবায়ন করা হবে?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীশিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এ লক্ষ্যে দেশের সব উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ উপজেলা হওয়ায় এখানে নারীশিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে।

তিনি বলেন, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজসহ দেশের অন্য উপজেলাগুলোর উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে সরকারিকরণের বিষয়টি বিদ্যমান নীতিমালা ও প্রয়োজনীয় আর্থিক সংস্থান বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এমওএস/এমকেআর