দেশজুড়ে

হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু

হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনমাস বয়সি আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট আট শিশুর মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ শিশু ভর্তি হয়েছে। ফলে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৮ শিশু।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নেত্রকোনা থেকে আসা আদিবা নামের শিশুটির শরীরে হামের লক্ষণ থাকার পাশাপাশি শারীরিক অসুস্থতায় ভুগছিল। যথাযথ চিকিৎসাসেবা চলমান থাকা অবস্থায় সকালে শিশুটি মারা যায়।

ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান আরও বলেন, ১৭ মার্চ থেকে বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৯৮ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২১৩ শিশু এবং আট শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৮ শিশু।

হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, সর্বনিম্ন তিন মাস থেকে ১০ বছর বয়সি রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তবে হাসপাতালে ছয় মাস থেকে এক বছর বয়সি শিশুর সংখ্যা বেশি। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কামরুজ্জামান মিন্টু/এএইচ/এএসএম