বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও প্রথম দিকে ভোটারদের উপস্থিতি ছিল বেশ কম। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, নির্বাচনের প্রথম আড়াই ঘণ্টায় (সকাল ১০টা পর্যন্ত) ভোট পড়েছে ৭ দশমিক ০২৩ শতাংশ।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত পরিস্থিতি প্রতিবেদন-০২ সূত্রে জানা গেছে, এই আসনের মোট ১৫০টি কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটারের মধ্যে ৩১ হাজার ৬২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শতাংশের হিসাবে এই হার ৭.০২৩%।
নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সকালের দিকে ভোটারদের আনাগোনা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ সারি তৈরি হবে বলে আশা করা যাচ্ছে।
এর আগে সকাল থেকে শহরের বগুড়া জিলা স্কুল, প্রি-ক্যাডেট হাই স্কুল ও হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকদের ভিড় থাকলেও ভেতরে সাধারণ ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। প্রিজাইডিং কর্মকর্তাদের তথ্যমতে, প্রথম এক ঘণ্টায় অনেক কেন্দ্রে শতাধিক ভোট পড়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম জানিয়েছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের পাশাপাশি পর্যাপ্ত পুলিশ ও ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। ১৫০টি কেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হওয়ার পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
এফএ/এএসএম