গত চারদিন দেশে তাপপ্রবাহ ছিল না। এসময় দেশজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস রয়েছে। তবে শুক্রবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এসময় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে আজ বৃহস্পতিবার দেশের তাপপ্রবাহের সম্ভাবনা নেই। আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আরও পড়ুনঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারেদেশজুড়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আভাস
আজ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ১০ এপ্রিল থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। এসময় দেশে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ও হতে পারে। তবে গরম ক্রমান্বয়ে বাড়তে পারে।
বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ১৪ মিলিমিটার। এসময় সর্বোচ্চ ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়।
আরএএস/ইএ