দেশজুড়ে

টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়ে। এতে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।

অর্থদণ্ডপ্রাপ্ত ওই ব্যবসায়ী নাম আব্দুল মজিদ। তিনি কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণ পাড়া এলাকায় ঝিনাই নদীর পাড় থেকে বেশ কিছুদিন ধরে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, ঝিনাই নদীর পাড় থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রয় করছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/এএসএম