ইরানে সাবেক সর্বোচ্চ নেতা আলী-খামেনিকে হত্যার ৪০ দিন পূর্তি উপলক্ষে দেশজুড়ে ব্যাপক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে দেখা গেছে, রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক মানুষ একত্রিত হয়েছেন।
ইরানি সমাজে রাজনৈতিক বিভাজন থাকা সত্ত্বেও এই ঘটনায় অনেক মানুষ একত্রিত হয়েছেন বলে জানা গেছে।
শুধু আজই নয়, সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন মতাদর্শের ইরানিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিচ্ছেন। বিশেষ করে রাতের বেলায় অনেক মানুষ ইরানের পতাকা নিয়ে রাস্তায় জড়ো হচ্ছেন।
প্রতিবাদে অংশ নেওয়া সবাই সরকারপন্থি নন, তবে বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তারা একত্রিত হচ্ছেন।
সমাবেশে অংশ নেওয়া কিছু মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউ কেউ যুদ্ধবিরতির বিরোধিতা করছেন। তাদের মতে, ইরানি সমাজে যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে, তার প্রতিশোধ নিতে যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত।
এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি টেলিফোনে কথা বলেছেন। ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা শুরুর পর এটি দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।
সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আলোচনায় বর্তমান পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি এবং উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম